প্রশ্ন: চুক্তি ভঙ্গের প্রশ্ন কখন উদ্ভব হয়? চুক্তি ভঙ্গের জন্য
ক্ষতিপূরণ কীভাবে নির্ধারণ করা হয়? চুক্তি ভঙ্গের জন্য কী কী প্রতিকার পাওয়া
যায়?
উত্তর:
ক) চুক্তি ভঙ্গের
প্রশ্ন কখন ওঠে
চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ৩৭ অনুযায়ী চুক্তির পক্ষগুলোকে নিজ নিজ
প্রতিশ্রুতি পালন করতে হয়। কোনো পক্ষ তা না করলে, বা পালনে অস্বীকার করলে চুক্তি
ভঙ্গের প্রশ্ন ওঠে। ভঙ্গ প্রতিশ্রুতিদাতার দিক থেকে যেমন হতে পারে, তেমনি
প্রতিশ্রুতিগ্রহীতার দিক থেকেও হতে পারে।
প্রতিশ্রুতিদাতা চুক্তিটি ভাঙেন যখন তিনি নির্ধারিত সময়ে প্রতিশ্রুতি পালন
করেন না, পালনের প্রস্তাবই দেন না (ধারা ৩৮), ত্রুটিপূর্ণ বা আংশিক পালন করেন,
অথবা পালনের সময় আসার আগেই স্পষ্ট ভাষায় অস্বীকার করেন। শেষ ক্ষেত্রটিকে অগ্রিম
চুক্তি ভঙ্গ (anticipatory breach) বলে। ধারা ৩৯ অনুযায়ী এ অবস্থায় ক্ষতিগ্রস্ত
পক্ষ চুক্তি বাতিল করতে পারেন, তবে কথায় বা আচরণে চুক্তি চালিয়ে যাওয়ার সম্মতি
জানিয়ে থাকলে আর পারেন না। Hochster v. De La Tour (1853) 2 E & B 678
মামলায় এক ব্যক্তিকে ভ্রমণসঙ্গী হিসেবে নিয়োগ করা হয়েছিল। কাজ শুরুর আগেই
নিয়োগকর্তা জানিয়ে দেন, তিনি আর তাঁকে নেবেন না। আদালত বলল, নির্ধারিত দিনের
জন্য অপেক্ষা না করেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি তখনই মামলা করতে পারেন।
প্রতিশ্রুতিগ্রহীতাও চুক্তি ভাঙতে পারেন। যেমন তিনি পালনে বাধা দিলে (ধারা
৫৩), প্রতিশ্রুতিদাতার পালনের প্রস্তাব গ্রহণ না করলে (ধারা ৩৮), অথবা পণ্য বা
সেবা নিয়ে মূল্য পরিশোধ না করলে।
একটি সূক্ষ্ম কথা এখানে বলে রাখা ভালো। অনেক বইয়ে লেখা থাকে, চুক্তি ভঙ্গে
চুক্তির পরিসমাপ্তি ঘটে। আরও নিখুঁতভাবে বললে, ভঙ্গ ক্ষতিগ্রস্ত পক্ষকে চুক্তি
বাতিল করার অধিকার দেয়, চুক্তি আপনা থেকে শেষ হয়ে যায় না। ক্ষতিগ্রস্ত পক্ষ
চাইলে চুক্তিটি বহাল রেখে ক্ষতিপূরণ দাবিও করতে পারেন। এ বিষয়ে ইংরেজ নজির Photo
Production Ltd v. Securicor Transport Ltd [1980] AC 827।
খ) ক্ষতিপূরণ যেভাবে
নির্ধারিত হয়
চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ নিয়ে মূল বিধান চুক্তি আইনের ধারা ৭৩ থেকে ৭৫। এই
বিধানগুলো থেকে নির্ধারণের নীতিগুলো পাওয়া যায়।
প্রথমত, ক্ষতিপূরণ ক্ষতির সমান হবে, কমও নয়, বেশিও নয়। এর উদ্দেশ্য
ক্ষতিগ্রস্ত পক্ষকে সেই অবস্থায় ফিরিয়ে আনা, চুক্তি পালিত হলে তিনি যে অবস্থায়
থাকতেন। শাস্তি দেওয়া এর কাজ নয়। যেমন সরবরাহকারী নির্ধারিত দামে পণ্য না দিলে
ক্রেতা সাধারণত বাজারদর ও চুক্তির দামের পার্থক্য পান।
দ্বিতীয়ত, শুধু সেই ক্ষতির ক্ষতিপূরণ মেলে, যা ভঙ্গের স্বাভাবিক পরিণতি,
অথবা যে ক্ষতির সম্ভাবনা চুক্তির সময় দুই পক্ষই জানত। দূরবর্তী ও পরোক্ষ ক্ষতির
জন্য ক্ষতিপূরণ মেলে না। এই নীতির উৎস Hadley v. Baxendale (1854) 9 Exch 341।
সেখানে কলের ভাঙা শ্যাফট মেরামতে পাঠানো হয়েছিল। পরিবহনকারীর দেরিতে মিল অনেক দিন
বন্ধ ছিল, কিন্তু আদালত মিলমালিককে সেই পুরো লোকসান দেয়নি, কারণ ঐ বিশেষ পরিণতির
কথা পরিবহনকারীকে জানানো হয়নি। পরে Victoria Laundry (Windsor) Ltd v. Newman
Industries Ltd [1949] 2 KB 528 মামলায় এই নীতি বিস্তারিতভাবে প্রয়োগ হয়।
ভারতীয় উপমহাদেশে ধারা ৭৩-এর নীতি ব্যাখ্যায় Murlidhar Chiranjilal v.
Harishchandra Dwarkadas, AIR 1962 SC 366 প্রায়ই উদ্ধৃত হয়।
তৃতীয়ত, বিশেষ ক্ষতির জন্য ক্ষতিপূরণ মিলতে পারে, তবে শর্ত হলো চুক্তির
সময় উভয় পক্ষ সেই ক্ষতির সম্ভাবনা সম্পর্কে অবহিত ছিল। বইয়ে একে বিশেষ
ক্ষতিপূরণ বলা হয়েছে।
চতুর্থত, ক্ষতিগ্রস্ত পক্ষের দায়িত্ব ক্ষতি কমানোর চেষ্টা করা (duty to
mitigate)। নিজের অবহেলায় ক্ষতি বাড়লে বাড়তি অংশের ক্ষতিপূরণ তিনি পাবেন না।
ধারা ৭৩-এর ব্যাখ্যা অংশে এই কথা আছে।
পঞ্চমত, ক্ষতির পরিমাণ হিসাব করা কঠিন হলেও আদালত দায় এড়াতে পারে না।
যথাসম্ভব অনুমান করে পরিমাণ ঠিক করতে হবে। এ প্রসঙ্গে Chaplin v. Hicks [1911] 2
KB 786 উল্লেখযোগ্য। সেখানে প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার সুযোগ হারানোর জন্যও
ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, যদিও সুযোগটির মূল্য নির্ধারণ কঠিন ছিল।
ষষ্ঠত, মামলার খরচ ক্ষতিগ্রস্ত পক্ষ আদায় করতে পারেন। এটি সাধারণত দেওয়ানি
কার্যবিধির বিধান অনুযায়ী আদালতের বিবেচনায় নির্ধারিত হয়।
সপ্তমত, চুক্তিতে আগেই ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করা থাকলে (stipulated damages)
ধারা ৭৪ প্রযোজ্য হয়। আদালত তখন যুক্তিসংগত ক্ষতিপূরণ দেয়, যা চুক্তিতে লেখা
অঙ্কের বেশি হতে পারে না। অর্থাৎ লেখা অঙ্ক সর্বোচ্চ সীমা, গ্যারান্টিযুক্ত পাওনা
নয়। এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের Fateh Chand v. Balkishan Dass, AIR 1963 SC
1405 একটি মূল নজির।
অষ্টমত, ধারা ৭৫ অনুযায়ী যে পক্ষ বৈধভাবে চুক্তি বাতিল করেন, তিনিও
ক্ষতিপূরণ পান। উদাহরণস্বরূপ, ক খ-কে ৫০ টন সিমেন্ট দেবে। খ-এর গুদাম প্রস্তুত না
থাকায় ক চুক্তি বাতিল করল। এ ক্ষেত্রে ক-এর ক্ষতির জন্য খ ক্ষতিপূরণ দিতে বাধ্য।
ক্ষতিপূরণ সাধারণত চার ধরনের বলা হয়: নামমাত্র (nominal), ক্ষতিপূরণমূলক
(compensatory), দৃষ্টান্তমূলক বা শাস্তিমূলক (exemplary) এবং পূর্বনির্ধারিত
(liquidated)। প্রথম দুটি মূল নীতি। দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ চুক্তি ভঙ্গের
মামলায় সাধারণত দেওয়া হয় না, কারণ ধারা ৭৩-এর লক্ষ্য ক্ষতি পূরণ, শাস্তি নয়।
পূর্বনির্ধারিত ক্ষতিপূরণের বিধান ধারা ৭৪-এ।
গ) চুক্তি ভঙ্গের
প্রতিকার
চুক্তি ভঙ্গ হলে ক্ষতিগ্রস্ত পক্ষ ছয় ধরনের প্রতিকার চাইতে পারেন।
- ১. চুক্তি রদ বা বাতিল (Rescission): ক্ষতিগ্রস্ত পক্ষ নিজের দিক থেকে চুক্তি বাতিল করে বাকি দায় থেকে মুক্তি পেতে পারেন। ধারা ৩৯, ৫৩ ও ৫৫ এ এ বিষয়ে ভিত্তি আছে, আর ধারা ৭৫ অনুযায়ী বাতিল করলেও ক্ষতিপূরণ চাওয়া যায়।
- ২. ক্ষতিপূরণ (Damages): ভঙ্গের ফলে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা আদায়ের জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারেন। নির্ধারণের নীতিগুলো ওপরে আলোচনা করা হয়েছে।
- ৩. কার্যানুপাতিক মূল্য (Quantum Meruit): এর অর্থ, যতটুকু কাজ করা হয়েছে বা পণ্য দেওয়া হয়েছে, ততটুকুর যুক্তিসংগত মূল্য দাবি। ধারা ৭০ অনুযায়ী কেউ আইনসংগতভাবে এবং বিনা মূল্যে দেওয়ার উদ্দেশ্য ছাড়া কিছু করলে, আর অপর পক্ষ তার সুবিধা ভোগ করলে, তাকে তার মূল্য দিতে হয়। নজির হিসেবে ইংল্যান্ডের Planché v. Colburn (1831) 8 Bing 14 এবং ভারতের State of West Bengal v. B. K. Mondal & Sons, AIR 1962 SC 779 উল্লেখ করা যায়।
- ৪. সুনির্দিষ্ট চুক্তি পালন (Specific Performance): কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার নয়, যেমন স্থাবর সম্পত্তি বা বিরল বস্তুর চুক্তি। তখন ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন (Specific Relief Act, 1877) অনুযায়ী ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে চুক্তি পালনের আদেশ চাইতে পারেন। এটি পুরোপুরি আদালতের বিবেচনাধীন, অধিকার হিসেবে দাবি করা যায় না। আইনে নির্দিষ্ট করা সীমিত ক্ষেত্রেই এই আদেশ দেওয়া হয়।
- ৫. নিষেধাজ্ঞা (Injunction): চুক্তিতে কোনো কাজ না করার অঙ্গীকার (negative covenant) থাকলে আদালত চুক্তিভঙ্গকারীকে সেই কাজ থেকে বিরত থাকতে আদেশ দিতে পারে। Lumley v. Wagner (1852) 1 De GM & G 604 মামলায় এক গায়িকাকে অন্য থিয়েটারে গান গাইতে নিষেধ করা হয়েছিল। Warner Bros. Pictures v. Nelson [1937] 1 KB 209 মামলার ঘটনাও একই ধরনের। অভিনেত্রী চুক্তি করেছিলেন, নির্দিষ্ট সময়ে অন্য কারও ছবিতে অভিনয় করবেন না। আদালত তাঁকে অন্যত্র অভিনয় থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা দেয়, কিন্তু প্রথম প্রযোজকের ছবিতেই অভিনয়ে বাধ্য করেনি। বইয়ের উদাহরণে ক, খ ও গ-র ঘটনা এই মামলারই আদলে লেখা।
- ৬. পূর্বাবস্থা প্রত্যর্পণ (Restitution): ধারা ৬৪ অনুযায়ী যে পক্ষের ইচ্ছায় চুক্তি বাতিলযোগ্য, তিনি চুক্তি বাতিল করলে অপর পক্ষের কাছ থেকে পাওয়া সুবিধা ফেরত দিতে হয়। ধারা ৬৫ অনুযায়ী কোনো চুক্তি বাতিল বলে ধরা পড়লে, অথবা পরে বাতিল হয়ে গেলে, চুক্তির অধীনে পাওয়া সুবিধা ফেরত দিতে বা তার ক্ষতিপূরণ দিতে হয়। তবে চুক্তি শুরু থেকেই বাতিল হলে সুবিধা ফেরতের প্রশ্ন সাধারণত ওঠে না। যেমন Mohori Bibee v. Dharmodas Ghose (1903) 30 IA 114 মামলায় নাবালকের চুক্তি শুরু থেকেই বাতিল ধরা হয়েছিল, ফলে সেখানে ধারা ৬৪ বা ৬৫-এর সুযোগ পাওয়া যায়নি।
উপসংহার: সুতরাং,
চুক্তির কোনো পক্ষ প্রতিশ্রুতি পালন না করলেই ভঙ্গের প্রশ্ন ওঠে, আর ধারা ৭৩ থেকে
৭৫ অনুযায়ী ক্ষতিপূরণ মূলত সেই ক্ষতিরই পূরণ, যা স্বাভাবিকভাবে বা পক্ষগুলোর জানা
সম্ভাবনা থেকে ঘটেছে। ক্ষতিগ্রস্ত পক্ষ পরিস্থিতি অনুযায়ী চুক্তি বাতিল,
ক্ষতিপূরণ, কার্যানুপাতিক মূল্য, সুনির্দিষ্ট পালন, নিষেধাজ্ঞা বা পূর্বাবস্থা, এর
যেকোনোটি চাইতে পারেন।
একটি কথা, ইংল্যান্ড, প্রিভি কাউন্সিল ও ভারতের যেসকল রায় এর কথা এখানে লিখা হয়েছে,সেগুলো বাংলাদেশের আদালতে যুক্তি হিসেবে গৃহীত হয়, বাধ্যতামূলক নজির নয়। আইনের ভাষায় এগুলে কে persuasive বা প্রেরণামূলক Precedent বলেt

0 Comments