সর্বশেষ

6/recent/ticker-posts

মোবাইল কাদের মামলা: সহ-আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্য আইনের ১০ ও ৩০ ধারা



মোবাইল কাদের মামলা, সহ-আসামির স্বীকারোক্তি, সাক্ষ্য আইনের ১০ ধারা, সাক্ষ্য আইনের ৩০ ধারা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যাহারকৃত স্বীকারোক্তি, ফৌজদারি কার্যবিধি ৩৩৯বি ধারা, আপিল বিভাগের রায়, ফৌজদারি আইন বিশ্লেষণ, বাংলাদেশের নজির, দণ্ডবিধি ৩০২ ধারা, পলাতক আসামির আপিল,Mobile Kader Case, 67 DLR AD 06, 12 ADC 101, State vs Abdul Kader, Section 10 Evidence Act, Section 30 Evidence Act, Confession of Co-accused, Retracted Confession, Section 339B CrPC, Bangladesh Supreme Court Judgment, Criminal Conspiracy Bangladesh, Criminal Law Analysis

সংক্ষিপ্ত সারসংক্ষেপ (Excerpt)
অপরাধ সংঘটিত ও আসামি গ্রেপ্তার হওয়ার পর প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্য আইনের ১০ ধারায় সহ-আসামির বিরুদ্ধে ব্যবহার করা যায় না, এবং ৩০ ধারায় তা স্বতন্ত্র সাক্ষ্য নয়-বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যুগান্তকারী রায় State and Ors. vs. Abdul Kader and Ors. [67 DLR (AD) (2015) 6]-এর বিস্তারিত আইনি পর্যালোচনা।


মোবাইল কাদের মামলা State vs Abdul Kader 67 DLR AD 06 রায়ের আইনি বিশ্লেষণ

ফৌজদারি আপিল নং ২২–২৪, ২০১০: সহ-আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্য আইনের ১০ ও ৩০ ধারা

মামলার শিরোনাম:

State and Ors. vs. Abdul Kader and Ors. (ফৌজদারি আপিল নং ২২–২৪, ২০১০)

সাইটেশন:

67 DLR (AD) (2015) 6 | 12 ADC (2015) 101 | LEX/BDAD/0035/2014

আদালত ও বেঞ্চ:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ): প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

রায়ের তারিখ ও ধারা:

১৪ মে ২০১৪ | দণ্ডবিধির ৩০২, ১০৯, ১২০বি, ১২০এ, ১০৭, ৩৪ ধারা; সাক্ষ্য আইনের ১০ ও ৩০ ধারা; ফৌজদারি কার্যবিধির ৩৩৯বি ও ৫৩৫ ধারা

 

State and Ors. vs. Abdul Kader and Ors. [67 DLR (AD) (2015) 6 / 12 ADC (2015) 101] মামলাটি আইনপাড়ায় ‘মোবাইল কাদের মামলা’ নামে পরিচিত। এক আসামির দেওয়া স্বীকারোক্তি অন্য আসামির বিরুদ্ধে কতটা ব্যবহার করা যায় এবং সাক্ষ্য আইনের ১০ ও ৩০ ধারার সীমা  কোথায়-তা উদ্ধৃত হয়। রায়ে প্রিভি কাউন্সিলের Mirza Akbar মামলার পুরোনো নীতিই অনুসরণ করা হয়েছে। 

১. রায়ের পরিচয় ও বেঞ্চের গঠন

মামলার শিরোনাম State and Ors. vs. Abdul Kader and Ors., ফৌজদারি আপিল নং ২২ থেকে ২৪ (২০১০)। আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রায়ের তারিখ ১৪ মে ২০১৪। সাইটেশন 67 DLR (AD) (2015) 6, 12 ADC (2015) 101 ও LEX/BDAD/0035/2014। 

রায়টি তিনটি অংশে লেখা। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুজনেই বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার যুক্তি ও সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন, তাই তাঁর অংশই রায়ের মূল ভিত্তি। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চূড়ান্ত ফলাফলে একমত হলেও আলাদা মত দিয়েছেন এবং কয়েকটি প্রশ্নে তাঁর যুক্তি ভিন্ন। 

 

২. ঘটনার সারকথা

২০০১ সালের ১৭ অক্টোবর বিকেল প্রায় ৩টায় ঢাকার মতিঝিলের আখতার চেম্বারের প্রথম তলায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘সোনারগাঁও চিংড়ি প্রকল্প’-এর অফিসে গুলিতে নিহত হন মাওলানা আব্দুল কাদের। রায়ের বর্ণনায় চার যুবক অফিসে ঢুকে গুলি করে। পরদিন নিহতের ভাই আলহাজ মো. ইউসুফ (পিডব্লিউ ১) মতিঝিল থানায় এজাহার দেন। এজাহারে সন্দেহ করা হয় আব্দুল কাদের ওরফে মোবাইল কাদের ও তার ছোট ভাই লরেন্সকে। বিরোধের বিষয় ছিল মুন্সীগঞ্জের শ্রীনগর থানা এলাকার দুগাছি বাজারের মালিকানা। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ইউসুফ আরও দুটি বিষয় যোগ করেন-বাজারের কাছের কুম (জলাশয়) ও স্কুল কমিটি। আপিল বিভাগ বলেছে, এতে তাঁর সাক্ষ্য অবিশ্বাসযোগ্য হয়ে যায়নি।

৩. বিচারের তিন ধাপ

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-১ (মামলা নং ২৩/২০০৩) ২০০৪ সালের ২৯ জানুয়ারি রায় দেয়। মোবাইল কাদের, লরেন্স, স্বীকারোক্তিদাতা বজলুর রহমান ওরফে বজলুসহ মোট সাতজনকে দণ্ডবিধির ৩০২/১২০বি/৩৪ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। আতাউর রহমান, আব্দুর রাজ্জাক খান ওরফে ঠান্ডু মেম্বারসহ চারজনকে ৩০২/১২০বি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্ট বিভাগ ২০০৭ সালের ২৫ নভেম্বর ডেথ রেফারেন্স নং ১৪/২০০৪ ও আপিলগুলো একসঙ্গে শুনে লরেন্সসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রাখে। বজলুসহ তিনজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবনে নামিয়ে আনে। মোবাইল কাদের ও ঠান্ডু মেম্বারকে বেকসুর খালাস দেয়। আতাউর রহমান জামিনে বের হয়ে পলাতক থাকায় তাঁর আপিল গুণাগুণ বিচার না করেই খারিজ করে।

এরপর রাষ্ট্রপক্ষ মোবাইল কাদের ও ঠান্ডু মেম্বারের খালাসের বিরুদ্ধে আপিল করে (ফৌজদারি আপিল ২২ ও ২৩)। আতাউর রহমান নিজের সাজার বিরুদ্ধে আপিল করেন (ফৌজদারি আপিল ২৪)। ২০১০ সালের ২১ মার্চ লিভ মঞ্জুর হয়।

 

৪. আপিল বিভাগের সামনে মূল প্রশ্নসমূহ

লিভ মঞ্জুরির আদেশে প্রধানত দুটি প্রশ্ন ছিল। প্রথমত, পিডব্লিউ ২, ৩ ও ৪-এর সাক্ষ্য থাকা সত্ত্বেও হাইকোর্ট বিভাগ মোবাইল কাদের ও ঠান্ডু মেম্বারকে খালাস দিতে পারে কি না। দ্বিতীয়ত, বজলুর স্বীকারোক্তি পরে প্রত্যাহার করা হলেও অন্য সাক্ষ্যে সমর্থিত হলে সেটি সাক্ষ্য আইনের ১০ ধারায় সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে গ্রহণযোগ্য কি না। এর সঙ্গে আতাউর রহমানের আপিল গুণাগুণে না শুনে খারিজ করা ঠিক হয়েছিল কি না, সে প্রশ্নও সামনে আসে।

 

৫. সাক্ষ্য আইনের ১০ ধারা: ষড়যন্ত্র চলাকালীন কথা ও কাজ

রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, বজলুর স্বীকারোক্তিতে ষড়যন্ত্রের বিবরণ আছে, তাই সাক্ষ্য আইনের ১০ ধারায় সেটি অন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও প্রাসঙ্গিক। আপিল বিভাগের কোনো বিচারপতির মতেই এ যুক্তি টেকেনি। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা Mirza Akbar vs. King Emperor (AIR 1940 PC 176) অনুসরণ করে বলেন, ১০ ধারা শুধু ষড়যন্ত্র চলাকালীন ষড়যন্ত্রকারীদের কথা, কাজ বা লেখার জন্য। ষড়যন্ত্রের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাওয়ার পর কেউ পুলিশ, ম্যাজিস্ট্রেট বা তৃতীয় কারও কাছে অতীত ঘটনার বিবরণ দিলে সেটি অন্য আসামির বিরুদ্ধে এই ধারায় ব্যবহার করা যায় না, কারণ তখন আর অভিন্ন উদ্দেশ্য বলে কিছু থাকে না।

বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা এই মামলার তথ্যের ভিত্তিতে একই ফলাফলে পৌঁছান। তাঁর মতে ৫ অক্টোবর ২০০১-এর বৈঠকে বজলুর উপস্থিতির কথা কোনো সাক্ষী বলেননি, তিনি ঘটনায় এসেছেন ১৫ অক্টোবর থেকে, তাই তাঁকে ওই ষড়যন্ত্রের সহ-ষড়যন্ত্রকারী ধরা যায় না। তা ছাড়া বজলু স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারের পর, খুনের মধ্য দিয়ে ষড়যন্ত্র সমাপ্ত হওয়ার পর। বিচারপতি সিনহার রায়ে ভারতের Gayendra Saraswathi মামলার একটি পর্যবেক্ষণও উদ্ধৃত আছে: গ্রেপ্তারের পরও কেউ ষড়যন্ত্রে লেগে থাকতে পারেন, তাই গ্রেপ্তারকেই সব ক্ষেত্রে ছেদ ধরা যায় না। অর্থাৎ নির্ণায়ক প্রশ্ন হলো কথাটি বলার সময় অভিন্ন উদ্দেশ্য টিকে ছিল কি না।

 

 ৬. ৩০ ধারা ও প্রত্যাহার করা স্বীকারোক্তির মূল্য

১০ ধারা বাদ গেলেও সাক্ষ্য আইনের ৩০ ধারা বাকি থাকে। এ ধারায় একই অপরাধে যুক্তভাবে বিচারাধীন একাধিক আসামির মধ্যে একজনের স্বীকারোক্তি প্রমাণিত হলে আদালত তা সবার বিরুদ্ধে বিবেচনায় নিতে পারেন। বিচারপতি ওয়াহহাব মিঞা Bhuboni Sahu vs. The King (2 DLR (PC) 39) ও Maqbool Hussain vs. State (12 DLR (SC) 217) উদ্ধৃত করে বলেন, সহ-আসামির স্বীকারোক্তি অত্যন্ত দুর্বল ধরনের তথ্য। এটি ৩ ধারার সংজ্ঞায় সাক্ষ্য নয়, শপথে দেওয়া হয় না, অভিযুক্তের উপস্থিতিতে হয় না এবং জেরাও করা যায় না। তাই একা এর ভিত্তিতে কাউকে দোষী করা যায় না। আগে অভিযুক্তের বিরুদ্ধে অন্য প্রত্যক্ষ বা পারিপার্শ্বিক সাক্ষ্য থাকতে হয়।

বজলু পরে স্বীকারোক্তি প্রত্যাহার করেছিলেন। এই প্রশ্নে বিচারপতি সিনহা বলেন, স্বেচ্ছায় ও সত্য হলে প্রত্যাহার সত্ত্বেও স্বীকারোক্তি জবানবন্দিদাতার নিজের বিরুদ্ধে সাজার ভিত্তি হতে পারে। কিন্তু সহ-আসামির বিরুদ্ধে প্রত্যাহার করা স্বীকারোক্তি অত্যন্ত দুর্বল সমর্থনমূলক তথ্য—রায়ের ভাষায় এর মূল্য কার্যত শূন্য। তিনি Moqbool Hossain, State vs. Fazu Kazi (29 DLR (SC) 271), Bhubani Sahu ও Kashmira Singh (AIR 1952 SC 159)-সহ কয়েকটি নজির উল্লেখ করেন। বিচারপতি ওয়াহহাব মিঞার অংশে প্রত্যাহার নিয়ে আলাদা আলোচনা নেই। তিনি নিম্ন আদালতের মতো স্বীকারোক্তিকে সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ধরে ৩০ ধারায় অন্য সাক্ষ্যের সঙ্গে বিবেচনা করেছেন।

 

৭. তাহলে মোবাইল কাদের দোষী সাব্যস্ত হলেন কেন?

সহ-আসামির স্বীকারোক্তি বাদ দিলেও মোবাইল কাদেরের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য ছিল-এটাই মামলার ফলাফলের মূল কারণ। বিচারপতি সিনহা বলেন, আদালত আগে স্বীকারোক্তিকে সম্পূর্ণ বাদ রেখে অন্য সাক্ষ্য দেখবে। তাতে সাজার মতো ভিত্তি থাকলে স্বীকারোক্তির সাহায্য লাগে না। তিনি নিজে অন্য সাক্ষ্যের ভিত্তিতেই মোবাইল কাদেরকে দোষী পেয়েছেন। বিচারপতি ওয়াহহাব মিঞাও আগে পিডব্লিউ( Prosecution Witness)২, ৩ ও ৪-এর সাক্ষ্য এবং উদ্দেশ্যের সাক্ষ্য যাচাই করেছেন, তারপর স্বীকারোক্তিতে গেছেন।

পিডব্লিউ ২ ও ৪ বলেন, ২০০১ সালের ৫ অক্টোবর মোবাইল কাদেরের বাড়ির পূর্ব ভিটার টিনশেড ঘরে তাঁরা নিহতের বড় ক্ষতি করার আলোচনা শুনেছেন। পিডব্লিউ ৪ সেদিন সন্ধ্যায় এবং পিডব্লিউ ২ পরদিন দুপুরে বিষয়টি পিডব্লিউ ৩-কে জানান। পিডব্লিউ ২ আরও বলেন, ১৫ অক্টোবর সন্ধ্যায় মোবাইল কাদের নিজের জিপে ভাই লরেন্স, বজলু ও আরও কয়েকজনকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। বিচারপতি ওয়াহহাব মিঞা এই আসার ঘটনাকে মোবাইল কাদেরকে হত্যার সঙ্গে যুক্ত করার স্বতন্ত্র সাক্ষ্য বলেছেন।

তদন্ত কর্মকর্তা পিডব্লিউ ২ ও ৪-কে জবানবন্দির জন্য ডাকেন ঘটনার প্রায় ১৫ মাস পর, পিডব্লিউ ৩-কে ১৬ মাস পর। আদালত বলেছে, জেরায় সাক্ষী অটল থাকলে শুধু দেরির কারণে সাক্ষ্য বাতিল হয় না। ভয়ের ব্যাখ্যা গ্রহণযোগ্য, আর মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা বদল হওয়াও দেরির একটি কারণ। হাইকোর্ট বিভাগ কোনো কারণ না দেখিয়ে সাক্ষীদের সাজানো বলেছিল। আপিল বিভাগ এ ধরনের নিষ্পত্তির কড়া সমালোচনা করেছে। বিচারপতি সিনহা আরও বলেন, হাইকোর্ট লরেন্স ও অন্যদের পলাতক থাকাকে শক্ত পরিস্থিতি ধরলেও শুরু থেকে পলাতক মোবাইল কাদেরের ক্ষেত্রে তা উপেক্ষা করেছিল।

উদ্দেশ্যও প্রমাণিত হয়েছে: দুগাছি বাজারের মালিকানা, কুম ও স্কুল কমিটি নিয়ে বিরোধ এবং এলাকায় আধিপত্য। এই সাক্ষ্যের সঙ্গে মিলিয়ে বিচারপতি ওয়াহহাব মিঞা ৩০ ধারায় বজলুর স্বীকারোক্তি বিবেচনা করেছেন, তবে সমর্থক হিসেবে, একমাত্র ভিত্তি হিসেবে নয়। ফলাফলে মোবাইল কাদের পরিকল্পনার মূল পরিচালক সাব্যস্ত হন। তিনি লরেন্স ও অন্যদের প্ররোচিত ও সহায়তা করেছেন (দণ্ডবিধির ১০৭ ধারা), তাই ৩০২/১০৯ ধারায় দোষী। এই ধারায় অভিযোগ গঠন ছিল না। তবু ফৌজদারি কার্যবিধির ৫৩৫ ধারায় দণ্ড দিতে বাধা নেই বলে আদালত মনে করেছে, কারণ তিনি সাক্ষীদের জেরা করার পূর্ণ সুযোগ পেয়েছেন।

 

৮. ঠান্ডু মেম্বার ও আতাউর কেন খালাস পেলেন?

আতাউর রহমান ও ঠান্ডু মেম্বার ছাড় পেয়েছেন অন্য কারণে। বিচারপতি ওয়াহহাব মিঞার মতে তাঁদের বিরুদ্ধে একমাত্র সাক্ষ্য ছিল ৫ অক্টোবরের বৈঠকে উপস্থিতি ও আলোচনায় অংশ নেওয়া। তাঁরা ১৫ ও ১৬ অক্টোবরের ঘটনায় ছিলেন না, এজাহারে বা বজলুর স্বীকারোক্তিতে তাঁদের নাম নেই, নিহতের সঙ্গে শত্রুতার প্রমাণও নেই। শুধু আলোচনা দণ্ডবিধির ১২০এ ধারার অর্থে চুক্তি নয়, আর তাঁদের যুক্ত করার মতো আর কোনো সাক্ষ্য নেই। বিচারপতি সিনহা আলাদা যুক্তিতে একই ফলে পৌঁছান। পিডব্লিউ ২ ও ৪ তদন্ত কর্মকর্তাকে ঠান্ডুর কথাগুলো বলেননি, তাই ঠান্ডুর বিষয়ে তাঁদের সাক্ষ্য তিনি বিশ্বাস করেননি, আর আতাউর ছিলেন নিষ্ক্রিয় দর্শকের মতো। ষড়যন্ত্রে দায়ী হতে শুধু উপস্থিত থাকা বা পরে চুপ থাকা যথেষ্ট নয়।

 

৯. পলাতক আসামির আপিল ও ফৌজদারি কার্যবিধির ৩৩৯বি ধারা

আতাউর রহমান জামিনে ছাড়া পেয়ে পলাতক হওয়ায় হাইকোর্ট বিভাগ তাঁর আপিল গুণাগুণ না দেখে খারিজ করেছিল। বিচারপতি সিনহা বলেন, আপিল মূল বিচারেরই ধারাবাহিকতা, তাই ফৌজদারি কার্যবিধির ৩৩৯বি ধারা আপিল আদালতের জন্যও প্রযোজ্য। উপধারা (২) অনুসারে জামিনে মুক্ত হয়ে পলাতক হলে বা আত্মগোপনে থাকলে আদালত নিজের মত লিপিবদ্ধ করে অনুপস্থিতিতে বিচার করতে পারে। হাইকোর্টের উচিত ছিল একতরফাভাবে গুণাগুণের ভিত্তিতে আপিল নিষ্পত্তি করা। তার পদ্ধতি আপিল বিভাগ অনুমোদন করেনি। ৩৩৯বি ধারার এই আলোচনা বিচারপতি সিনহার অংশে আছে। আপিল বিভাগ নিজে আপিল ফেরত না পাঠিয়ে মেরিটে নিষ্পত্তি করে আতাউর রহমানকে খালাস দিয়েছে।

 

১০. চূড়ান্ত আদেশ ও তিন আদালতের রায়ের তুলনামূলক চিত্র

ফৌজদারি আপিল ২২ মঞ্জুর হয়। মোবাইল কাদেরের খালাস বাতিল করে ৩০২/১০৯ ধারায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা দেওয়া হয়, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড। আপিল ২৩ খারিজ হয়, অর্থাৎ ঠান্ডু মেম্বারের খালাস বহাল থাকে। আপিল ২৪ মঞ্জুর হয়: আতাউর রহমানের ৩০২/১২০বি ধারার যাবজ্জীবন সাজা বাতিল হয়, তিনি খালাস পান এবং অন্য মামলায় প্রয়োজন না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশ হয়। লরেন্স ও অন্যদের সাজার বিষয়টি আপিল বিভাগের সামনে ছিল না। 

আসামির নাম ও আপিল নং

দ্রুত বিচার ট্রাইব্যুনাল

হাইকোর্ট বিভাগ

আপিল বিভাগের চূড়ান্ত আদেশ

আব্দুল কাদের @ মোবাইল কাদের
(ফৌজদারি আপিল ২২/২০১০)

মৃত্যুদণ্ড
(ধারা ৩০২/১২০বি/৩৪)

বেকসুর খালাস

খালাস বাতিল; দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা।

আব্দুর রাজ্জাক @ ঠান্ডু মেম্বার
(ফৌজদারি আপিল ২৩/২০১০)

যাবজ্জীবন কারাদণ্ড
(ধারা ৩০২/১২০বি)

বেকসুর খালাস

রাষ্ট্রপক্ষের আপিল খারিজ; হাইকোর্টের খালাসের আদেশ বহাল।

আতাউর রহমান
(ফৌজদারি আপিল ২৪/২০১০)

যাবজ্জীবন কারাদণ্ড
(ধারা ৩০২/১২০বি)

পলাতক থাকায় আপিল খারিজ (সাজা বহাল)

আপিল মঞ্জুর; হাইকোর্ট ও ট্রাইব্যুনালের সাজা বাতিল এবং বেকসুর খালাস।

 

এই রায় থেকে কি পাওয়া গেলে

  • সাক্ষ্য আইনের ১০ ধারা চলমান ষড়যন্ত্রের সময়ের কথা ও কাজের জন্য প্রযোজ্য, ষড়যন্ত্র শেষ হওয়ার পর দেওয়া স্বীকারোক্তির জন্য নয়।
  • ৩০ ধারায় সহ-আসামির স্বীকারোক্তি আদালত শুধু বিবেচনায় নিতে পারেন। এটি ৩ ধারার অর্থে সাক্ষ্য নয়, আর একা এর ভিত্তিতে সাজা হয় না। আগে অন্য সাক্ষ্য দেখতে হয়, তারপর প্রয়োজনে স্বীকারোক্তি সমর্থন হিসেবে আসে।
  • প্রত্যাহার করা স্বীকারোক্তি জবানবন্দিদাতার নিজের বিরুদ্ধে টিকতে পারে, কিন্তু সহ-আসামির বিরুদ্ধে প্রায় মূল্যহীন.
  • সাক্ষীকে অবিশ্বাস করতে হলে আপিল আদালতকে কারণ দেখাতে হয়। ষড়যন্ত্রে শুধু উপস্থিতি বা আলোচনা দায় তৈরি করে না, চুক্তির প্রমাণ লাগে।
  • আসামি পলাতক হলেও ফৌজদারি কার্যবিধির ৩৩৯বি ধারা অনুযায়ী আপিল আদালতকে মামলার গুণাগুণে (Merit) নিষ্পত্তি করতে হয়।

  রায়ের কপির পিডিএফ




Post a Comment

0 Comments